কাস্টমস আইন ২০২৩
দ্বিতীয় তফসিল [ধারা ২৬৩ দ্রষ্টব্য]
(১) কাস্টমস কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন সম্পর্কিত বিষয়াবলি।
(২) কাস্টমস শুল্ক ও কর পরিশোধ এবং পরিশোধের সময় সংক্রান্ত বিষয়।
(৩) সমুদ্র পথে আমদানিকৃত রপ্তানিকৃত এবং পরিবাহিত পণ্য অবতরণ এবং জাহাজীকরণের উদ্দেশ্যে কাস্টমস বন্দর এবং অনুমোদিত অবতরণ স্থান সম্পর্কিত বিধি-বিধান এবং এইরূপ বন্দর ও অবতরণের স্থানের সীমানাসহ যে সকল পণ্য অবতরণ বা জাহাজীকরণ করা হইবে তাহার তালিকা সম্পর্কিত বিষয়।
(8) সড়ক ও রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির স্থানসমূহ এবং সড়ক পথে যে রুটে পণ্য আমদানি ও রপ্তানি হইবে তদ্বিষয়।
(৫) অভ্যন্তরীণ কাস্টমস স্টেশনসমূহ যেস্থানে কাস্টমস শুল্ক করাদি আদায় হইবে সংক্রান্ত বিষয়াদি।
(৬) আমদানিকৃত বা রপ্তানিতব্য নিষিদ্ধ পণ্য আটক এবং বাজেয়াপ্তির জন্য কার্যধারা সংক্রান্ত বিধান এবং উক্ত পণ্যের সহিত সম্পর্কিত তথ্য যাচাই, মালিক বা অন্য পক্ষকে প্রদেয় নোটিশ, উক্ত পণ্যের হেফাজত বা খালাসের জন্য জামানত, সাক্ষ্যের পরীক্ষা, সংবাদদাতা কর্তৃক ভুল সংবাদ সরবরাহ করিবার কারণে ব্যয় এবং ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিষয়।
(৭) পরবর্তীকালে রপ্তানির উদ্দেশ্য আমদানিকৃত বা বিধিতে উল্লিখিত পণ্যের উৎপাদন, প্রস্তুতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মেরামত বা পুনসংযোজনে ব্যবহার্য পণ্য বা উপকরণ সম্পূর্ণ বা আংশিক শুল্ক পরিশোধ ব্যতিরেকে খালাস প্রদান করিবার ক্ষেত্রসমূহ।
(৮) আমদানিকৃত এবং রপ্তানিতব্য পণ্য চালানে দলিলাদির সত্যতা প্রতিপাদনসহ পণ্যের কায়িক, রাসায়নিক, বিশেষজ্ঞ পরীক্ষা বা সত্যতা প্রতিপাদন নন-ইন্টুসিভ ইন্সপেকশন, উক্তরূপ পরীক্ষা বা যাচাই এর জন্য পণ্য নির্বাচন এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষেত্রসমূহ।
(৯) বাংলাদেশি জাহাজের মালিকানাধীন নৌকা এবং অনধিক একশত টন বিশিষ্ট অন্যান্য নৌযান মার্কযুক্তকরণ, নিয়ন্ত্রণ করা এবং উহার উপর বিধি নিষেধ আরোপ করা এবং লাইসেন্সের জন্য ফি এবং কার্গো বোটের নিবন্ধন।
(১০) ধারা ১১৫ এর অধীন বিশেষভাবে নিয়োজিত কাস্টমস কর্মকর্তা ওয়্যারহাউসে মালিকের সহগামী হওয়ার ক্ষেত্রে ব্যয় দাবি করা এবং কোনো পণ্যের মালিককে ধারা ১১৬ এর বিধান অনুসারে উহাদের বিলিবন্দেজের অনুমতির জন্য দাবিকৃত ফি।
(১১) সময়সীমাসহ ওয়্যারহাউসে পণ্য প্রস্তুতকরণ এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট বিষয়াদি।
(১২) শুল্ক পরিশোধ ব্যতিরেকে পণ্যের ট্রান্সশিপমেন্ট এবং ট্রান্সশিপমেন্ট নিষিদ্ধকরণ, নিয়ন্ত্রণ ও বিধি -নিষেধ এবং এতদ্বিষয়ে কাস্টমস কর্মকর্তার ক্ষমতা ও ট্রান্সশিপমেন্ট ফি।
(১৩) ধারা ১৫০ এর অধীন ফ্রাস্ট্রেটেড (frustrated) কার্গো রপ্তানি।
(১৪) বিদেশি ভূখন্ডের মধ্য দিয়া বাংলাদেশের এক এলাকা হইতে অন্য এলাকায় পণ্য পরিবহণ; এবং উক্তরূপ পণ্য গন্তব্যে যথাযথভাবে পৌঁছাইবার জন্য শর্তাবলি।
(১৫) শুল্ক পরিশোধ ব্যতিরেকে কোনো বিদেশি ভূখন্ডে পণ্য ট্রানজিটের জন্য শর্ত এবং বিধি-নিষেধ প্রয়োগ।
(১৬) যাত্রী এবং ক্রু ব্যাগেজ, উক্ত ব্যাগেজের সংজ্ঞা, ঘোষণা, তত্ত্বাবধান, পরীক্ষা, শুল্কায়ন এবং খালাস ও উক্ত ব্যাগেজের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট এবং উক্ত ব্যাগেজ অথবা উহার অন্তর্ভুক্ত কোনো নির্দিষ্টকৃত শ্রেণির পণ্য যে পরিস্থিতিতে এবং শর্তাবলির অধীন শুল্ক হইতে অব্যাহতি পাইবে এবং উক্ত অব্যাহতির পরিমাণ।
(১৭) প্রাপ্যতা সীমার অতিরিক্ত নগদ মুদ্রা বা কারেন্সি নোট স্বর্ণ, ডায়মণ্ড, মূল্যবান ধাতু এবং মূল্যবান পাথর উপযুক্ত কর্তৃপক্ষের নিকট রিপোর্টিং ব্যতীত বাংলাদেশে আনয়ন বা বহির্গমন সংক্রান্ত।
(১৮) আমদানিকৃত বা রপ্তানিতব্য পণ্যের মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত বিধি-বিধান, আমদানিকারক বা রপ্তানিকারক কর্তৃক পণ্যের যথাযথ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য দাখিল, এবং তদ্কর্তৃক সংশ্লিষ্ট পুস্তক ও দলিলপত্র উপস্থাপন, আমদানিকারক কর্তৃক যে অর্থ বা সম্পদ দ্বারা পণ্য অর্জিত হইয়াছে উহার উৎস, প্রকৃতি এবং পরিমাণ সম্পর্কিত বা যে বিবেচনার জন্য এবং যে পন্থায় উহা বিক্রয় করা হইয়াছে তৎসম্পর্কিত তথ্য সরবরাহ।
(১৯) পানাহার অনুপযোগী (denatured) স্পিরিট নির্ধারণ, এবং স্পিরিটের রাসায়নিক পরীক্ষা এবং পানাহার অনুপযোগীকরণ।
(২০) প্রত্যর্পণ সম্পর্কিত বিষয়াদি, ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে প্রত্যর্পণ, উক্ত পণ্যের উপর যে প্রত্যর্পণ ফেরত প্রদান করা হইবে সেই শুল্কের পরিমাণ, কোনো নির্ধারিত পণ্য অথবা পণ্যশ্রেণির উপর প্রত্যর্পণ নিষিদ্ধকরণ, প্রত্যর্পণ পরিশোধের জন্য শর্তাবলি, যে মেয়াদের মধ্যে উক্ত পণ্য অবশ্যই রপ্তানি করিতে হইবে উহা সীমিতকরণ, যে সময়ের মধ্যে প্রত্যর্পণ দাবি করা যাইবে উহা সীমিতকরণ।
(২১) বন্দর ছাড়পত্র বা যানবাহনের প্রস্থান সম্পর্কিত বিষয়াদি, খোল উন্মুক্ত করিবার অনুমতি সম্বলিত বিশেষ পাস মঞ্জুর, রপ্তানি কার্গো ঘোষণা এবং অন্যান্য দলিলপত্র অর্পণের জন্য এজেন্ট কর্তৃক জামানত দাখিলের ক্ষেত্রে জাহাজের মাস্টারকে বন্দর ছাড়পত্র মঞ্জুর করা সম্পর্কিত শর্তাবলি।
(২২) ডাকযোগে পণ্য আমদানি বা রপ্তানির সহিত সংশ্লিষ্ট বিষয়াদি, উক্তরূপ আমদানিকৃত বা রপ্তানিতব্য পণ্যের পরীক্ষা, শুল্ক নিরূপণ, খালাস, ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট।
(২৩) যে উপকূলীয় পণ্যের রপ্তানি এই আইন বা অন্য কোনো আইনের অধীন শুল্কযোগ্য বা নিষিদ্ধ, উহাদের বাংলাদেশের বাহিরে নেওয়া প্রতিরোধ, কোনো জাহাজের উপরে উপকূলীয় পণ্য দ্বারা আমদানিকৃত বা রপ্তানি পণ্যের প্রতিস্থাপন প্রতিরোধ, নির্ধারিত বন্দরসমূহে বা উহাদের মধ্যে কোনো নির্দিষ্টকৃত শ্রেণির পণ্য সাধারণভাবে পরিবহণ নিষিদ্ধ করা।
(২৪) ধারা ১৯৯ এর অধীন কোনো কারখানা বা ইমারতে দায়িত্বরত কর্মকর্তা কর্তৃক প্রয়োগযোগ্য ক্ষমতা।
(২৫) এজেন্টকে লাইসেন্স প্রদান; লাইসেন্সের ফরম এবং উহার জন্য প্রদেয় ফি, লাইসেন্স মঞ্জুর করিবার উপযুক্ত কর্তৃপক্ষ, লাইসেন্সের বৈধতার মেয়াদ, লাইসেন্সধারীর যোগ্যতা, জামানত প্রদানসহ লাইসেন্সে প্রযোজ্য শর্তাবলি এবং বিধি-নিষেধসমূহ লাইসেন্সধারীর উপর অর্থদণ্ড আরোপ বা লাইসেন্স স্থগিত বা বাতিল করিবার পরিস্থিতি এবং অর্থদণ্ড বা লাইসেন্স স্থগিত বা বাতিলের বিরুদ্ধে আপিল।
(২৬) যে ব্যবসা নিয়ন্ত্রণের জন্য ধারা ২৪৭ এর অধীন প্রজ্ঞাপন জারি করা যাইবে সেই ব্যবসা সংশ্লিষ্ট বিষয়াদি এবং উক্ত ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি কর্তৃক হিসাবপত্র এবং নথিপত্র সংরক্ষণ, ও তথ্য সরবরাহ সংক্রান্ত।
(২৭) ধারা ২৫৪ এর অধীন শুল্ক ফাঁকি অথবা আইনের লঙ্ঘন উদ্ঘাটনের জন্য পুরস্কার সংক্রান্ত বিষয়াদি।
(২৮) ধারা ২৫৫ এর অধীন কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীগণের আর্থিক প্রণোদনা সংক্রান্ত বিষয়াদি।
(২৯) কাস্টমস অফিস, কাস্টমস স্টেশন অথবা সরকারি ও লাইসেন্সপ্রাপ্ত ওয়্যারহাউস এর কার্যক্রম পরিচালনার জন্য খোলা রাখার দিন ও সময় নির্ধারণ সংক্রান্ত এবং কোনো কাস্টমস বন্দর, বিমান বন্দর এবং স্থল বন্দরে পণ্য অবতরণ, জাহাজীকরণ এবং বোঝাইকরণের সময় নির্ধারণ সংক্রান্ত।
(৩০) নির্ধারিত সময়ের বাহিরে, জাহাজের মাস্টার বা তাহার এজেন্ট অথবা বিমানের ক্ষেত্রে বিমান চালক অথবা তাহার এজেন্ট বা যানবাহনের ক্ষেত্রে ভারপ্রাপ্ত ব্যক্তি অথবা আমদানিকারক, রপ্তানিকারক অথবা তাহাদের এজেন্ট কর্তৃক অনুরোধের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তা কর্তৃক সেবা প্রদানের কারণে, কাস্টমস কর্মকর্তাকে ওভারটাইম পরিশোধের হার এবং উক্ত ওভারটাইম অনুমোদনের শর্তাবলি সম্পর্কিত বিষয়।
(৩১) বাংলাদেশের জলসীমায় উপকূলীয় পণ্য পরিবহণকারী জাহাজের উপর কাস্টমস কর্মকর্তাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়।
(৩২) সরকারি এবং লাইসেন্সপ্রাপ্ত ওয়্যারহাউসে পণ্য জমা দেওয়া তত্ত্বাবধান এবং ওয়্যারহাউস হইতে পণ্য অপসারণ সংক্রান্ত এবং ওয়্যারহাউস সংক্রান্ত ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়।
(৩৩) লাইসেন্স ইস্যুসহ তৎসংক্রান্ত পদ্ধতি (এজেন্ট লাইসেন্স ব্যতীত)।
(৩৪) ওয়্যারহাউস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, লাইসেন্স এবং পারমিট ফি সংক্রান্ত।
(৩৫) লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক রেজিস্টার, দলিলাদি এবং হিসাবপত্র সংরক্ষণ ও সংরক্ষণ পদ্ধতি সংক্রান্ত।
(৩৬) লাইসেন্স অথবা পারমিটের অধীনে পণ্য আমদানি, রপ্তানি এবং অপসারণ সংক্রান্ত।
(৩৭) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (Export Processing Zone), অর্থনৈতিক অঞ্চল (Economic Zone) ও হাই-টেক পার্ক (Hi- Tech Park) এবং অনুরূপ বিশেষায়িত অঞ্চল সংক্রান্ত।
(৩৮) আমদানিকৃত, রপ্তানিতব্য পণ্যের প্যাকেজে যে পদ্ধতিতে চিহ্নিতকরণ এবং নম্বর প্রদান করা হইবে এবং যে পদ্ধতিতে ইনভয়েস প্রস্তুত করা হইবে তৎসংক্রান্ত বিষয়।
(৩৯) কোনো অনুমোদিত কাস্টমস বন্দর অথবা স্টেশনের মাধ্যমে পণ্যের চলাচল নিয়ন্ত্রণ অথবা সম্পূর্ণরূপে বা শর্তসাপেক্ষে নিষিদ্ধকরণ সংক্রান্ত।
(৪০) শুল্কযোগ্য বা নিয়ন্ত্রিত পণ্য মোড়কজাতকরণের পদ্ধতি এবং শুল্কযোগ্য, শুল্কমুক্ত ও নিয়ন্ত্রিত পণ্য একই মোড়কে মোড়কজাত না করা সংক্রান্ত বিষয়াদি।
(৪১) রপ্তানি পণ্য পরিবহনের উদ্দেশ্যে ব্যবহার্য কন্টেইনারের মানদণ্ড (Standard) সংক্রান্ত।
(৪২) শুল্কমুক্ত বিপণি পরিচালনা সংক্রান্ত বিষয়াদি।
(৪৩) অথরাইজড ইকোনমিক অপারেটর সম্পর্কিত।
(৪৪) খালাসোত্তর নিরীক্ষা (Post Clearance Audit) সংক্রান্ত।
(৪৫) আপিল ও রিভিউ দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত পদ্ধতি।
(৪৬) রিফান্ড আবেদন দাখিল, গ্রহণ ও তাহার নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি।
(৪৭) ন্যায়নির্ণয়নের উদ্দেশ্যে কারণ দর্শানো নোটিশ ও দাবিনামা জারি ।
(৪৮) গ্যারান্টি সংক্রান্ত বিষয়াদি।
(৪৯) সেইফগার্ড ডিউটি সংক্রান্ত বিষয়াদি।
(৫০) ইনওয়ার্ড ও আউটওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত বিষয়াদি।
(৫১) শুল্কায়ন ও পুনঃশুল্কায়ন সংক্রান্ত বিষয়াদি।
(৫২) রসদ ও ভান্ডার সামগ্রী সংক্রান্ত বিষয়াদি।
(৫৩) ইলেক্ট্রনিক পদ্ধতিতে পণ্য ছাড়করণের পদ্ধতি ব্যবহার সংক্রান্ত বিষয়াদি।
(৫৪) বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি ।
(৫৫) অগ্রিম রুলিং সংক্রান্ত বিষয়াদি।
(৫৬) কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়দি।
(৫৭) এই আইনের বিধানাবলি কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় অন্য কোনো বিষয়।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।