CA Ripon

কাস্টমস আইন ২০২৩

পঞ্চদশ অধ্যায় - ইনওয়ার্ড ও আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতি

১০৩। ইনওয়ার্ড ও আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতি সমাপ্তির মেয়াদ

এই অধ্যায়ে বর্ণিত ইনওয়ার্ড প্রসেসিং (inward processing) এবং আউটওয়ার্ড প্রসেসিং (outward processing) পদ্ধতি, ৬ (ছয়) মাস বা বোর্ড কর্তৃক বর্ধিত মেয়াদের মধ্যে সমাপ্ত করিতে হইবে।

 

১০৪। ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতি

এই আইনের ষোড়শ অধ্যায়ে উল্লিখিত ক্ষেত্র ব্যতীত এবং এই অধ্যায়ে উল্লিখিত আবশ্যকতা এবং পণ্য ঘোষণা ও ছাড় সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কমিশনার অব কাস্টমস মেরামত, আংশিক পরিবর্তন বা প্রসেসিং এর জন্য বাংলাদেশে অস্থায়ীভাবে আমদানিকৃত পণ্যের উপর প্রযোজ্য আমদানি শুল্ক ও কর পরিশোধ নিশ্চিত করিবার লক্ষ্যে, ব্যাংক গ্যারান্টি প্রদান সাপেক্ষে, উক্ত পণ্য ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে ছাড় করিতে পারিবেন।

 

১০৫। আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতি

(১) এই অধ্যায়ে উল্লিখিত আবশ্যকতা এবং পণ্য ঘোষণা ও ছাড় সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলাদেশে প্রস্তুত বা উৎপাদিত পণ্য, দেশীয় ভোগের জন্য ছাড় করা আমদানিকৃত পণ্য, যাহা বিদেশে মেরামত, আংশিক পরিবর্তন বা প্রসেসিং এর জন্য অস্থায়ীভাবে রপ্তানির জন্য অভিপ্রেত, তাহা আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন ন্যস্ত করা যাইবে।

(২) আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন ন্যস্তকৃত পণ্য হইতে মেরামতকৃত, পরিবর্তিত বা প্রক্রিয়াজাত পণ্য বাংলাদেশে ফেরত আনা হইলে, বাংলাদেশ হইতে উক্ত পণ্য বিদেশে প্রেরণ এবং বাংলাদেশে ফেরত আনিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবহণ, বোঝাই, হ্যান্ডলিং চার্জ এবং বিমা ব্যয়সহ বাংলাদেশের বাহিরে গৃহীত উক্ত কার্যক্রমের ব্যয়ের ভিত্তিতে আমদানি শুল্ক ও কর নিরূপিত হইবে।

(৩) উপ- ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশনার অব কাস্টমস যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, অস্থায়ীভাবে রপ্তানিকৃত পণ্য, কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি হইতে উদ্ভূত কোনো চুক্তিগত বা বিধিবদ্ধ বাধ্যবাধকতা অথবা কোনো প্রস্তুতজনিত বা তাৎপর্যপূর্ণ ত্রুটির কারণে চার্জমুক্তভাবে মেরামত করা হইয়াছে, তাহা হইলে উক্ত পণ্য বাংলাদেশে ফেরত আনা হইলে, উক্ত চুক্তি, ওয়ারেন্টি বা গ্যারান্টির সীমা পর্যন্ত প্রযোজ্য আমদানি শুল্ক ও কর পরিশোধ ব্যতীত ছাড় করা যাইবে।

(৪) অস্থায়ী রপ্তানিকৃত পণ্যের উপর প্রত্যর্পণ পরিশোধিত হইলে আউটওয়ার্ড প্রসেসিং এর অনুমতি প্রদান করা যাইবে না।

 

১০৬। ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির পরিসমাপ্তি

(১) ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন ন্যস্ত মেরামতকৃত, আংশিক পরিবর্তিত বা প্রক্রিয়াজাত পণ্য একক বা একাধিক পণ্যচালান হিসাবে রপ্তানি করিলে, বা ধারা ৯৪ অনুযায়ী সরকারের নিকট হস্তান্তর করিলে, ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির পরিসমাপ্তি ঘটিবে।

(২) সংশ্লিষ্ট ব্যক্তির অনুরোধক্রমে ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির পরিসমাপ্তির উদ্দেশ্যে কমিশনার অব কাস্টমস কোনো পণ্য আমদানিকালীন অবস্থার ন্যায় একই অবস্থায় (in the same state) পণ্য রপ্তানি বা হস্তান্তর করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন।

(৩) ইনওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন আমদানিকৃত পণ্যের প্রক্রিয়াকরণ হইতে, উদ্ভূত যেকোনো পণ্য, বর্জ্যসহ, যাহা রপ্তানি করা হইবে না, এর উপর আমদানি শুল্ক ও কর প্রদান করিতে হইবে।

 

১০৭। আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতির পরিসমাপ্তি

(১) আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতির অধীন ন্যস্ত মেরামতকৃত, আংশিক পরিবর্তিত বা প্রক্রিয়াজাত পণ্য, একক বা একাধিক পণ্য চালান হিসাবে, দেশীয় ভোগের জন্য ঘোষণা দাখিল করিলে, আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতির পরিসমাপ্তি ঘটিবে।

(২) সংশ্লিষ্ট ব্যক্তির অনুরোধের পরিপ্রেক্ষিতে, কমিশনার অব কাস্টমস আউটওয়ার্ড প্রসেসিং পদ্ধতি, উক্ত পদ্ধতির শর্তাবলি এবং আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে, স্থায়ী রপ্তানির উদ্দেশ্যে পণ্য ঘোষণার মাধ্যমে পরিসমাপ্তির অনুমতি প্রদান করিতে পারিবেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top