কাস্টমস আইন ২০২৩
ষোড়শ অধ্যায় - ওয়্যারহাউসিং
১০৮। কাস্টমস ওয়্যারহাউসিং পদ্ধতি
এই অধ্যায় এবং তদধীন প্রণীত বিধির অধীন আবশ্যকতা, শর্তাবলি ও বিধি- নিষেধ এবং পণ্য ঘোষণা ও ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন সাপেক্ষে, আমদানিকৃত পণ্য, এই অধ্যায়ের অধীন প্রদত্ত কোনো উদ্দেশ্যে কাস্টমস ওয়্যারহাউসিং পদ্ধতির অধীন, আমদানি শুল্ক ও কর পরিশোধ ব্যতীত যে কোনো ওয়্যারহাউসে ন্যস্ত করা যাইবে।
১০৯। ওয়্যারহাউসিং বন্ড
(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ওয়্যারহাউস পদ্ধতির অধীন কোনো পণ্য ন্যস্ত করিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট আমদানিকারক, কমিশনার অব কাস্টমস (বন্ড) বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো কমিশনার সংশ্লিষ্ট আমদানিকারককে যেরূপ নির্ধারণ করিবে সেইরূপ পরিমাণ অর্থ, শর্ত ও সীমা বা বিধি- নিষেধ সাপেক্ষে একটি সাধারণ বন্ড দাখিল করিবেন।
(২) এই ধারার অধীন কোনো আমদানিকারক কর্তৃক কোনো পণ্যের ক্ষেত্রে সম্পাদিত বন্ড উক্ত পণ্য অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর বা উহা অন্য ওয়্যারহাউসে অথবা ওয়্যারহাউসিং স্টেশনে অপসারণ করা সত্ত্বেও কার্যকর থাকিবে:
তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে সকল পণ্য বা উহার অংশবিশেষ অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়, সেই ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা হস্তান্তর গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে একটি নূতন বন্ড গ্রহণ করিতে পারিবেন এবং অতঃপর হস্তান্তর গ্রহণকারী ব্যক্তি কর্তৃক নূতন সম্পাদিত বন্ডের সমপরিমাণ দায় হইতে হস্তান্তর গ্রহণকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত বন্ড অবমুক্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
১১০। ওয়্যারহাউসিং ব্যাংক গ্যারান্টি
ওয়্যারহাউসিং এর জন্য পণ্য খালাস সম্পর্কিত বন্ড সম্পাদনের বিষয়ে এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড অথবা বোর্ড হইতে এতদ্বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত কমিশনার অব কাস্টমস, বন্ড দাখিলের অতিরিক্ত ব্যবস্থা হিসাবে পণ্যের উপর আরোপণীয় শুল্কের অনধিক পরিমাণ অর্থের জন্য নির্ধারিত পদ্ধতিতে ব্যাংক গ্যারান্টি প্রদান করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।
১১১। ওয়্যারহাউসে পণ্য প্রেরণ
সংশ্লিষ্ট আমদানিকারক বোর্ড কর্তৃক জারীকৃত এতদ&সংক্রান্ত বিধির বিধানমতে ওয়্যারহাউসিং এর জন্য খালাসকৃত পণ্য যে ওয়্যারহাউসে জমা প্রদানের জন্য নির্ধারিত হইবে সেই ওয়্যারহাউসে পণ্য জমা প্রদান নিশ্চিত করিবেন।
১১২। ওয়্যারহাউসে পণ্য গ্রহণ
বোর্ড কর্তৃক নির্ধারিত কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতি প্রতিপালনপূর্বক ওয়্যারহাউস রক্ষক কর্তৃক পণ্য গ্রহণ, সংরক্ষণ ও হ্যান্ডলিং এর কার্যক্রম সম্পাদিত হইবে।
১১৩। ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের উপর নিয়ন্ত্রণ
(১) ওয়্যারহাউসকৃত সকল পণ্য যথাযথ কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকিবে।
(২) কাস্টমস বন্ড কমিশনারেট, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো কর্মকর্তা কোনো ওয়্যারহাউসের যেকোনো অংশে প্রবেশ এবং উহাতে রক্ষিত পণ্য, রেকর্ড, হিসাবপত্র এবং দলিলপত্র পরীক্ষা করিতে পারিবেন।
১১৪। ওয়্যারহাউসে রক্ষিত প্যাকেজ খোলা এবং পরীক্ষা করিবার ক্ষমতা
(১) যথাযথ কর্মকর্তা যে কোনো সময়ে লিখিত আদেশ দ্বারা নির্দেশ প্রদান করিতে পারিবেন যে, কোনো ওয়্যারহাউসে সংরক্ষিত কোনো পণ্য বা প্যাকেজ খোলা, ওজন করা বা পরীক্ষা করা হইবে, এবং ১[উক্ত পণ্য] এইরূপে খোলা, ওজন করা বা পরীক্ষা করিবার পর উহা তিনি যেরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপভাবে সিলযুক্ত অথবা মার্কযুক্ত করাইতে পারিবেন।
(২) কোনো পণ্য পরীক্ষার পর উক্তরূপ সিলযুক্ত বা মার্কযুক্ত করা হইলে উহা যথাযথ কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে পুনরায় খোলা যাইবে না, এবং এইরূপ অনুমতিক্রমে উক্ত পণ্য খোলা হইলে তিনি যদি উপযুক্ত মনে করেন, তাহা হইলে প্যাকেজসমূহ পুনরায় সিলযুক্ত অথবা মার্কযুক্ত করিবার ব্যবস্থা করিবেন।
১১৫। ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের মালিকের ওয়্যারহাউসে প্রবেশাধিকার
যথাযথ কর্মকর্তার অনুমতিক্রমে অফিস চলাকালীন যে কোনো সময়ে একজন কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে ওয়্যারহাউসে সংরক্ষিত পণ্যের মালিকের পণ্যের নিকট যাওয়ার প্রবেশাধিকার থাকিবে এবং যথাযথ কর্মকর্তার নিকট এতদুদ্দেশ্যে লিখিতভাবে আবেদন করা হইলে একজন কাস্টমস কর্মকর্তাকে উক্ত মালিকের সঙ্গী হওয়ার জন্য নিয়োগ করা যাইবে।
১১৬। ওয়্যারহাউসকৃত পণ্যের মালিকের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা
(১) যথাযথ কর্মকর্তার অনুমোদনক্রমে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ফি পরিশোধ করিয়া কোনো পণ্যের মালিক উহা ওয়্যারহাউসকরণের পূর্বে বা পরে-
(ক) ক্ষতিগ্রস্ত বা অবনতিগ্রস্ত পণ্য অবশিষ্ট পণ্য হইতে পৃথক করিতে পারিবেন;
(খ) পণ্যের সংরক্ষণ, বিক্রয়, রপ্তানি অথবা ব্যবস্থিত করিবার উদ্দেশ্যে পণ্য বাছাই করিতে বা উহার পাত্র পরিবর্তন করিতে পারিবেন;
(গ) পণ্যের অবচয়, অবনতি অথবা ক্ষতি রোধ করিবার জন্য যেরূপ প্রয়োজন হয় সেইরূপ পদ্ধতিতে পণ্য এবং উহাদের আধারের (container) বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন;
(ঘ) বিক্রয়ের জন্য পণ্য প্রদর্শন করাইতে পারিবেন; বা
(ঙ) যথাযথ কর্মকর্তা যেরূপ অনুমোদন করেন পণ্যের সেইরূপ কোনো নমুনা দেশীয় ভোগের জন্য পণ্য ঘোষণা দাখিল অথবা ঘোষণা ব্যতীত এবং শুল্ক পরিশোধপূর্বক অথবা পরিশোধ ব্যতীত, তবে মূল পরিমাণের ঘাটতির উপর শেষ পর্যন্ত প্রদেয় হইলে উহার শুল্ক পরিশোধপূর্বক, গ্রহণ করিতে পারিবেন।
(২) কোনো পণ্য উক্তরূপ পৃথককৃত এবং যথাযথ অথবা অনুমোদিত প্যাকেজে পুনঃপ্যাকেটজাত করিবার পর উক্ত পণ্যের মালিকের অনুরোধক্রমে উপযুক্ত কর্মকর্তা এইভাবে পৃথক্করণ অথবা পুনঃপ্যাকেটজাতকরণের পরে কোনো বর্জ্য, ক্ষতিগ্রস্ত অথবা উদ্বৃত্ত পণ্য অবশিষ্ট থাকিলে উহা, অথবা অনুরূপ অনুরোধক্রমে, শুল্ক আরোপের উপযোগী নহে এইরূপ কোনো পণ্য, ধ্বংস করিবার ব্যবস্থা গ্রহণ করিতে অথবা অনুমতি প্রদান করিতে পারিবেন, এবং উহার উপর প্রদেয় শুল্ক মওকুফ করিতে পারিবেন।
১১৭। ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের প্রস্তুতকরণ এবং অন্যান্য কার্যক্রম
(১) বিধি এবং ধারা ১২ এর আওতায় ইস্যুকৃত লাইসেন্সের শর্ত প্রতিপালন সাপেক্ষে, কোনো ওয়্যারহাউসকৃত পণ্যের মালিক উক্ত পণ্য দ্বারা কোনো প্রস্তুতকরণ প্রক্রিয়া বা অন্য কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন।
(২) যেক্ষেত্রে উপ- ধারা (১) এর অধীন পরিচালিত কার্যক্রম অথবা প্রক্রিয়ায় পণ্যের কোনো অপচয় বা বর্জ্য হয় সেইক্ষেত্রে নিম্নবর্ণিত বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:-
(ক) যদি উক্ত কার্যক্রম অথবা প্রক্রিয়া দ্বারা উৎপাদিত পণ্যের সম্পূর্ণ বা আংশিক রপ্তানি করা হয় তাহা হইলে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে পরিচালিত কার্যক্রম অথবা প্রক্রিয়ায় যে পরিমাণ ওয়্যারহাউসকৃত পণ্য অপচয় বা বর্জ্য হইয়াছে উহার জন্য কোনো শুল্ক আরোপ করা হইবে না:
তবে শর্ত থাকে যে, উক্ত অপচয় বা বর্জ্য ধ্বংস করিতে হইবে কিংবা উহাদের উপর শুল্ক পরিশোধ করিতে হইবে, যেন উহা উক্ত অবস্থায় বাংলাদেশে আমদানি করা হইয়াছে;
(খ) যদি উক্ত কার্যক্রমে অথবা প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যের সম্পূর্ণ বা আংশিক দেশীয় ভোগের জন্য ওয়্যারহাউস হইতে খালাস করা হয়, তাহা হইলে দেশীয় ভোগের জন্য উক্ত পণ্যের যে পরিমাণ খালাস করা হয় তাহার উপর, এবং ওয়্যারহাউসকৃত পণ্যের ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত কার্যক্রম বা প্রক্রিয়ায় সৃষ্ট অপচয়কৃত বস্তু বা বর্জ্য দেশীয় ভোগের জন্য খালাস করা হইলে তাহার উপর আমদানি শুল্ক ও কর আরোপ করা হইবে:
তবে শর্ত থাকে যে, এই আইনের অন্য ধারায় ভিন্নরূপ বিধানাবলি সত্ত্বেও কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস এই দফার অধীন শুল্কায়নের উদ্দেশ্যে মূল্য নিরূপণ করিবেন।
১১৮। এই আইনে উল্লিখিত বিধান ব্যতীত ওয়্যারহাউস হইতে কোনো পণ্য বাহির না করা
দেশীয় ভোগ বা রপ্তানির জন্য খালাস অথবা অন্য কোনো ওয়্যারহাউসে অপসারণ অথবা এই আইনে ব্যবস্থিত অন্য কোনো প্রক্রিয়া ব্যতীত, ওয়্যারহাউসকৃত কোনো পণ্য ওয়্যারহাউস হইতে বাহিরে নেওয়া যাইবে না।
১১৯। কাস্টমস ওয়্যারহাউসিং এর মেয়াদ
(১) বোর্ড, বিধি মোতাবেক, ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণের মেয়াদ নির্ধারণ করিবে:
তবে শর্ত থাকে যে, বোর্ড বিভিন্ন শ্রেণির ওয়্যারহাউসের জন্য ওয়্যারহাউসিং পদ্ধতির পরিসমাপ্তির বিভিন্ন মেয়াদ নির্ধারণ করিতে পারিবে।
(২) উপ- ধারা (১) এ বর্ণিত ওয়্যারহাউসিং পদ্ধতির পরিসমাপ্তির মেয়াদ ওয়্যারহাউসিং পদ্ধতির আওতায় আমদানিকৃত পণ্য ছাড়ের তারিখ হইতে গণনা করা হইবে।
১২০। লাইসেন্স বাতিল হইলে পণ্য অপসারণ
যদি কোনো বেসরকারি ওয়্যারহাউসের লাইসেন্স বাতিল করা হয়, তাহা হইলে উহাতে ওয়্যারহাউসকৃত কোনো পণ্যের মালিক উক্ত বাতিলকরণের নোটিশ প্রদানের তারিখ হইতে ১০ (দশ) দিবসের মধ্যে অথবা যথাযথ কর্মকর্তা কর্তৃক অনুমোদিত কোনো বর্ধিত সময়ের মধ্যে ওয়্যারহাউস হইতে পণ্য অন্য কোনো ওয়্যারহাউসে অপসারণ করিবেন অথবা উহা দেশীয় ভোগের জন্য অথবা রপ্তানির জন্য খালাস করিবেন।
১২১। একই কাস্টমস স্টেশনে এক ওয়্যারহাউস হইতে অন্য ওয়্যারহাউসে পণ্য অপসারণের ক্ষমতা
ওয়্যারহাউসকৃত পণ্যের মালিক ধারা ১১৯ এর অধীন ওয়্যারহাউসিং মেয়াদের মধ্যে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করিয়া এবং কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস অথবা কমিশনার অব কাস্টমস (বন্ড) কর্তৃক অথবা বোর্ডের ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তার অনুমতিক্রমে উক্ত কমিশনার যেরূপ নির্দেশ প্রদান করিবেন সেইরূপ শর্তাবলিতে এবং জামানত পেশের পর ওয়্যারহাউসকৃত পণ্য একই কাস্টমস স্টেশনের এক ওয়্যারহাউস হইতে অন্য ওয়্যারহাউসে অপসারণ করিতে পারিবেন।
১২২। পণ্য এক ওয়্যারহাউসিং স্টেশন হইতে অন্য ওয়্যারহাউসিং স্টেশনে অপসারণের ক্ষমতা
কোনো ওয়্যারহাউসিং স্টেশনে ওয়্যারহাউসকৃত পণ্যের মালিক, উক্ত পণ্য ধারা ১১৯ এর অধীন ওয়্যারহাউসিং মেয়াদের মধ্যে, বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে যে পণ্য অপসারণ করা হইবে উহার বিবরণ এবং যে কাস্টমস স্টেশনে অপসারিত হইবে উহার নাম উল্লেখপূর্বক কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনারের নিকট আবেদন করিয়া অন্য কোনো ওয়্যারহাউসিং স্টেশনে ওয়্যারহাউসিং এর উদ্দেশ্যে ওয়্যারহাউসকৃত পণ্য অপসারণ করিতে পারিবেন।
১২৩। গন্তব্যের কাস্টমস স্টেশনে পৌঁছাইবার পর পণ্য প্রথম আমদানির পণ্যের মত একই আইনসমূহের অধীন হইবে
ওয়্যারহাউসকৃত পণ্য গন্তব্যের কাস্টমস স্টেশনে পৌঁছাইবার পর উহা প্রথম আমদানির পর এন্ট্রি এবং ওয়্যারহাউসিং করিবার অনুরূপ পদ্ধতিতে এন্ট্রি এবং ওয়্যারহাউসিং করা হইবে এবং শেষে উল্লিখিত পণ্যের এন্ট্রি এবং ওয়্যারহাউসিং যে সকল আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়, উহা উক্ত আইন এবং বিধি, যতদূর প্রযোজ্য হয়, এর অধীন হইবে।
১২৪। ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের ক্ষতি হইলে বা অবনতি ঘটিলে উহার পুনঃশুল্কায়ন
মূল্যভিত্তিক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য ওয়্যারহাউসিং এর জন্য ছাড় করিবার পর হইতে দেশীয় ভোগের জন্য খালাস করিবার পূর্ব পর্যন্ত কোনো অনিবার্য দুর্ঘটনা অথবা কারণে যদি ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত হয়, তাহা হইলে মালিক ইচ্ছা করিলে ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত অবস্থায় উহাদের মূল্য কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক নিরূপণ করাইতে পারিবেন এবং তদনুসারে উহাদের উপর আরোপযোগ্য শুল্ক হ্রাসকৃত মূল্যের অনুপাতে হ্রাস করা হইবে এবং মালিকের স্বেচ্ছায় প্রথমে সম্পাদিত বন্ড প্রতিস্থাপন করিবার জন্য হ্রাসকৃত শুল্কের দ্বিগুণ পরিমাণ অর্থের একটি নূতন বন্ড সম্পাদন করা যাইবে।
১২৫। উদ্বায়ী (Volatile) পণ্যের ক্ষেত্রে ছাড়
যখন এইরূপ কোনো শ্রেণির এবং বর্ণনার ওয়্যারহাউসকৃত পণ্য, যাহার উদ্বায়িতা এবং উহাদের মজুদ প্রক্রিয়া বিবেচনাপূর্বক বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারণ করে, তাহা যদি ওয়্যারহাউস হইতে অপসারণের সময় পরিমাণে কম পাওয়া যায় এবং কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার যদি সন্তুষ্ট হন যে, উক্ত ঘাটতি স্বাভাবিক অপচয়ের কারণে ঘটিয়াছে, তখন উক্ত ঘাটতির উপর কোনো শুল্ক আরোপ করা যাইবে না।
১২৬। ওয়্যারহাউস হইতে অসঙ্গতভাবে অপসারিত বা নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ে রাখিবার অনুমোদনপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বা নমুনা হিসাবে গৃহীত পণ্যের উপর শুল্ক
নিম্নবর্ণিত পণ্যসমূহের ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা দাবিনামা জারি করিতে পারিবেন এবং এইরূপ দাবিনামার প্রেক্ষিতে পণ্যসমূহের মালিক উহাদের ক্ষেত্রে প্রদেয় সমুদয় ভাড়া, জরিমানা, সুদ এবং অন্যান্য চার্জসহ উহাদের উপর আরোপণীয় সমুদয় পরিমাণ শুল্ক অবিলম্বে পরিশোধ করিবেন, যথা:-
(ক) ধারা ১১৮ লঙ্ঘন করিয়া অপসারিত ওয়্যারহাউসকৃত পণ্য;
(খ) ধারা ১২০ এর অধীন অপসারণের জন্য অনুমোদিত সময়ের মধ্যে ওয়্যারহাউস হইতে অপসারণ না করা পণ্য;
(গ) যে সকল পণ্যের ক্ষেত্রে ধারা ১০৯ অথবা এই আইনের অধীন প্রণীত বিধিমালা অনুযায়ী বন্ড সম্পাদিত হইয়াছে এবং যাহা দেশীয় ভোগের জন্য অথবা রপ্তানির জন্য খালাস করা হয় নাই অথবা এই আইনের বিধান অনুসারে অপসারণ করা হয় নাই অথবা যাহা ধারা ১১৬ এবং ১১৭ এ ব্যবস্থিত হয় নাই অথবা ধারা ১২৯ এ উল্লিখিত বিধান ব্যতীত অন্যভাবে ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসপ্রাপ্ত হইয়াছে অথবা যথাযথ কর্মকর্তার সন্তুষ্টিমতে যাহার হিসাব প্রদান করা হয় নাই সেই সকল পণ্য; এবং
(ঘ) ধারা ১১৬ এর অধীন নমুনা হিসাবে গৃহীত পণ্য।
১২৭। শুল্ক, ইত্যাদি পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে পদ্ধতি
(১) যদি কোনো মালিক ধারা ১২৬ এর অধীন দাবিকৃত কোনো অর্থ পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে যথাযথ কর্মকর্তা ধারা ১০৯ এর অধীন সম্পাদিত বন্ডের উপর অথবা বিধি দ্বারা নির্ধারিত কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন অথবা ওয়্যারহাউসে রক্ষিত মালিকের পণ্য অথবা পণ্য প্রস্তুতকরণে ব্যবহৃত কোনো কারখানা, যন্ত্রপাতি অথবা মেশিনারি অথবা উক্ত ব্যক্তির মালিকানাধীন অন্য কোনো পণ্য এবং সম্পত্তির এইরূপ অংশ যাহা দাবি আদায়ের জন্য পর্যাপ্ত বিবেচিত হইবে তাহা আটক করাইতে পারিবেন, এবং অবিলম্বে উক্তরূপ আটকের লিখিত নোটিশ মালিককে প্রদান করিতে হইবে।
(২) উপ- ধারা (১) এ উল্লিখিত নোটিশের তারিখ হইতে ১৫ (পনের) দিবসের মধ্যে দাবি পূরণ করা না হইলে উক্তরূপ আটককৃত পণ্য বিক্রয় করা যাইবে।
(৩) উপ- ধারা (২) এর অধীন বিক্রয়লদ্ধ অর্থের নিট পরিমাণ লিপিবদ্ধ করিয়া বন্ডের বিপরীতে সমন্বয় করা হইবে এবং বন্ডের দায় সম্পূর্ণ মিটাইবার পর উদ্বৃত্ত, যদি থাকে, ধারা ২৩৭ অনুসারে বিলিবন্দেজ পদ্ধতিতে ব্যবস্থিত হইবে।
(৪) পণ্যের কোনো হস্তান্তর বা স্বত্ব- নিয়োগ (assignment) এর উপর পাওনা আদায়ের জন্য যথাযথ কর্মকর্তাকে এই ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হইতে নিবৃত্ত করিতে পারিবে না।
১২৮। রেকর্ড সংরক্ষণ
ওয়্যারহাউস রক্ষক ওয়্যারহাউসে প্রবেশকৃত পণ্যের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে স্টক কিপিং এর হিসাবসহ সকল রের্কড সংরক্ষণ করিবেন।
১২৯। দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত ওয়্যারহাউসকৃত পণ্যের শুল্ক মওকুফ করিবার ক্ষমতা
ধারা ১০৯ এর অধীন বন্ড সম্পাদিত হইয়াছে এবং দেশীয় ভোগের জন্য খালাস করা হয় নাই, এইরূপ কোনো ওয়্যারহাউসকৃত পণ্য, যদি কোনো অনিবার্য দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত হয়, তাহা হইলে কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস তাহার বিবেচনাবলে উহার উপর প্রদেয় শুল্ক মওকুফ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, যদি বেসরকারি ওয়্যারহাউসে উক্ত পণ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তাহা হইলে উক্তরূপ ধ্বংসের ঘটনা উদঘাটনের পর ৩ (তিন) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্মকর্তার নিকট এতদ&বিষয়ে লিখিত নোটিশ প্রদান করিতে হইবে।
১৩০। ওয়্যারহাউস রক্ষকের দায়িত্ব
সরকারি ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের ক্ষেত্রে ওয়্যারহাউস রক্ষক এবং বেসরকারি ওয়্যারহাউসে রক্ষিত পণ্যের ক্ষেত্রে লাইসেন্সধারী, উক্ত পণ্যের শুল্কায়নকারী কাস্টমস কর্মকর্তা কর্তৃক উল্লিখিত পরিমাণ, ওজন অথবা পরিমাপ অনুসারে, প্রযোজ্য ক্ষেত্রে ধারা ১২৫ এ ব্যবস্থিত স্বাভাবিক অপচয়ের কারণে পরিমাণে ঘাটতির জন্য ছাড় প্রদানপূর্বক, ওয়্যারহাউসে উহাদের যথাযথ গ্রহণ এবং উক্ত স্থান হইতে সরবরাহ এবং উক্ত স্থানে জমা থাকাকালীন সময়ে নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকিবেন:
তবে শর্ত থাকে যে, ওয়্যারহাউসে পণ্য প্রবেশ করানোর অথবা উক্ত স্থান হইতে বাহিরে লইবার অথবা উক্ত স্থানে জমা থাকাকালীন সময়ে সংঘটিত কোনো অপচয় অথবা ক্ষতির জন্য কোনো মালিক যথাযথ কর্মকর্তা বা কোনো সরকারি ওয়্যারহাউসের রক্ষকের নিকট ক্ষতিপূরণ দাবি করিবার অধিকারী হইবেন না, যদি না ইহা প্রমাণিত হয় যে, উক্ত অপচয় বা ক্ষতি ওয়্যারহাউস রক্ষক বা কোনো কাস্টমস কর্মকর্তার ইচ্ছাকৃত কর্ম বা অবহেলার কারণে সংঘটিত হইয়াছে।
১৩১। ওয়্যারহাউসে পণ্য জমা রাখিবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
কমিশনার অব কাস্টমস (বন্ড) অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস ওয়্যারহাউসের কোন্ অংশে, কোন্ পদ্ধতিতে এবং কী শর্তে কোনো পণ্য জমা রাখা যাইবে এবং কোন্ কোন্ প্রকারের পণ্য এইরূপ কোনো ওয়্যারহাউসে জমা রাখা যাইবে তাহা, সময় সময়, নির্ধারণ করিতে পারিবেন।
১৩২। পরিবহণ, প্যাকিং, ইত্যাদির ব্যয় মালিক কর্তৃক বহন
সরকারি ওয়্যারহাউসে পণ্য গ্রহণ অথবা উক্ত স্থান হইতে উহা অপসারণ বাবদ পরিবহণ, প্যাকিং এবং মজুদের ব্যয় যদি যথাযথ কর্মকর্তা অথবা ওয়্যারহাউস রক্ষক পরিশোধ করেন, তাহা হইলে উহা পণ্যের উপর আরোপণীয় হইবে এবং মালিক কর্তৃক বহন করা হইবে, এবং ধারা ১২৭ এ উল্লিখিত পদ্ধতিতে মালিকের নিকট হইতে আদায়যোগ্য হইবে।
১৩৩। শর্ত সংযোজন, পরিবর্তন, শিথিল করা, ইত্যাদির ক্ষমতা
এই অধ্যায়ের অন্তর্গত কোনো বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শর্ত অথবা বাধ্যবাধকতা সংযোজন অথবা পরিবর্তন করিতে পারিবে, এবং কোনো বিশেষ প্রয়োজন মিটাইবার জন্য যথাযথ বিবেচনা করিলে উহার কোনো বিধান শিথিল করিতে পারিবে।
১৩৪। কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতির পরিসমাপ্তি
কোনো কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতির নিম্নলিখিতভাবে পরিসমাপ্তি ঘটিবে, যথা:-
(ক) উক্ত পদ্ধতির অধীন প্রয়োজনীয় শর্তাবলি ও আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে, নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো কাস্টমস পদ্ধতির অধীন পণ্য ছাড়ের মাধ্যমে, যথা:-
(অ) দেশীয় ভোগের জন্য পণ্য ছাড়করণ; বা
(আ) স্থায়ী রপ্তানিকরণ;
(খ) সরকারের নিকট পণ্য হস্তান্তরের মাধ্যমে।
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৫১ ধারাবলে ধারা ১১৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “উক্ত কোনো পণ্য” শব্দগুলির পরিবর্তে “উক্ত পণ্য” শব্দগুলি প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।