CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৪ঢ - মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্যের প্রস্তুতকরণ এবং অন্যান্য কার্যক্রম

১[ (১) মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত কোনো পণ্যের মালিক উক্ত পণ্য দ্বারা ধারা-১৩৪ঙ এর অধীন কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন।

(২) যেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিচালিত কার্যক্রম অথবা প্রক্রিয়ায় পণ্যের কোনো অপচয় বা বর্জ্য হয় সেইক্ষেত্রে নিম্নবর্ণিত বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:–

(ক) যদি উক্ত কার্যক্রম অথবা প্রক্রিয়া দ্বারা উৎপাদিত পণ্যের সম্পূর্ণ বা আংশিক রপ্তানি করা হয় তাহা হইলে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে পরিচালিত কার্যক্রম অথবা প্রক্রিয়ায় যে পরিমাণ পণ্য অপচয় বা বর্জ্য হইয়াছে উহার জন্য কোনো শুল্ককর আরোপযোগ্য হইবে না;

     তবে শর্ত থাকে যে, উক্ত অপচয় বা বর্জ্য ধ্বংস করিতে হইবে কিংবা উহাদের উপর আরোপনীয় শুল্ককরাদি পরিশোধ করিতে হইবে, যেন উহা উক্ত অবস্থায় বাংলাদেশে আমদানি করা হইয়াছে;

(খ) যদি উক্ত কার্যক্রমে অথবা প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যের সম্পূর্ণ বা আংশিক দেশীয় ভোগের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে খালাস করা হয়, তাহা হইলে দেশীয় ভোগের জন্য পরিচালিত কার্যক্রম বা প্রক্রিয়ায় সৃষ্ট অপচয়কৃত বস্তু বা বর্জ্য দেশীয় ভোগের জন্য খালাস করা হইলে তাহার উপর আরোপনীয় আমদানি শুল্ককর আদায়যোগ্য হইবে;

     তবে শর্ত থাকে যে, এই আইনের অন্য ধারায় ভিন্নরূপ বিধানাবলি সত্ত্বেও সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস এই উপধারার অধীন শুল্কায়নের উদ্দেশ্যে মূল্য নিরূপণ করিবেন। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top