CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৪ঙ - মুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্য ব্যবস্থাপনা

১[ (১) মুক্ত বাণিজ্য অঞ্চলের কোনো পণ্য নিম্ন বর্ণিত উদ্দেশ্যে উক্ত অঞ্চল হইতে বাহির করা যাইবে, যথা:-

(ক) বহি:বাংলাদেশে সরাসরি রপ্তানির উদ্দেশ্যে;

(খ) রপ্তানিতব্য পণ্যে কাঁচামাল হিসেবে ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং অভ্যন্তরীণ শুল্ক এলাকায় স্থাপিত আইনের ষোড়শ অধ্যায়ের অধীন ওয়্যারহাউস লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠান বা মুক্ত বাণিজ্য অঞ্চলের অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট সরবরাহের উদ্দেশ্যে।

(২) মুক্ত বাণিজ্য অঞ্চলে উৎপাদিত কোনো পণ্য উক্ত অঞ্চলের অপারেটর এর অনুমোদনক্রমে উক্ত অঞ্চলের কোনো প্রতিষ্ঠান বা এলাকা বা প্রাঙ্গন হইতে একই অঞ্চলের অন্য কোনো প্রতিষ্ঠান বা এলাকা বা প্রাঙ্গনে শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে হস্তান্তর বা সরবরাহ করা যাইবে, তবে আমদানিকৃত কোনো পণ্য কোনোরূপ রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণ ব্যতীত উক্তরুপ হস্তান্তর করার ক্ষেত্রে কেবল অপারেটরকে অবহিত করিয়াই উক্ত হস্তান্তর করা যাইবে।

(৩) মুক্ত বাণিজ্য অঞ্চলে উৎপাদিত, আমদানিকৃত বা রক্ষিত কোনো পণ্য, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তার লিখিত অনুমোদন এবং প্রযোজ্য শুল্ক কর পরিশোধ ব্যতীত উক্ত অঞ্চলে চূড়ান্ত ভোগ (final consumption) করা যাইবে না।

(৪) মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে কোনো পণ্য উক্ত অঞ্চলের বাহিরে অভ্যন্তরীণ শুল্ক এলাকায় (Domestic Tariff Area) বা অন্য কোনো বিশেষায়িত এলাকা এবং অঞ্চলে, বা অন্য কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলে দেশীয় ভোগের জন্য প্রেরিত হইলে সেই ক্ষেত্রে এই আইনের বিধানাবলী অনুযায়ী প্রযোজ্য সকল প্রকার শুল্ককর পরিশোধযোগ্য হইবে।

(৫) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এমন কর্মকর্তার লিখিত অনুমোদনক্রমে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং অভ্যন্তরীণ শুল্ক এলাকা হইতে মুক্ত বাণিজ্য অঞ্চলে বৈদেশিক মুদ্রার বিনিময়ে এই আইনের বিধানাবলী প্রতিপালন করে পণ্য সরবরাহ করা হইলে তাহা রপ্তানি হিসেবে বিবেচ্য হইবে। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top